১ মিনিটে পড়ুন
এশিয়ান গেমস নারী ফুটবলে তিন ম্যাচের একটিতেও জিততে পারেনি বাংলাদেশ। উত্তর ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হারার পর মিয়ানমারের বিপক্ষে জয়ের আশা নিয়ে মাঠে নেমেও মাঠ ছাড়তে হয়েছে গোলশূন্য ড্র নিয়ে। ফলে ১ পয়েন্ট নিয়েই দেশে ফিরছে বাংলাদেশের মেয়েরা।
সোমবার (২১ সেপ্টেম্বর) জাপানের ওসাকার ইয়ামার নাগাই স্টেডিয়ামে দুই দলের কেউই গোল করতে পারেনি। দুই দলই এশিয়ান গেমস শেষ করলো ১ পয়েন্ট নিয়েই। তিন ম্যাচ খেলে এশিয়ান গেমসে দুই দলই কোনো গোল করতে পারেনি।
বাংলাদেশ নারী দলের কোচ পিটার বাটলার আশাবাদী ছিলেন মিয়ানমারকে হারানোর ব্যাপারে। তাদের হারিয়ে সেরা তৃতীয় দল হয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন তিনি। কিন্তু দুই ম্যাচে বাজেভাবে হারার পর শেষ ম্যাচ হলো গোলশূন্য ড্র।
তবে ম্যাচে বল দখলে এগিয়ে ছিল বাংলাদেশ। ৫২ শতাংশ বল ছিল লাল-সবুজের মেয়েদের দখলে। তবে ৮টি শট নেয় মিয়ানমারের মেয়েরা যার মধ্যে ৪টি ছিল লক্ষ্যে। বাংলাদেশ আক্রমণে ছিল দুর্বল। দুটি শট নিলেও একটি রাখতে পারেনি লক্ষ্যে।
এর আগে, নিজেদের প্রথম ম্যাচে দলের সিনিয়র ফুটবলারদের ছাড়াই উত্তর কোরিয়ার কাছে হজম করে ১০ গোল। এরপর ঋতুপর্ণাদের ফিরিয়েও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হজম হয়ে হাফডজন গোল। আর সবশেষ মিয়ানমারের বিপক্ষে হলো গোলশূন্য ড্র।
একই প্রতিপক্ষের বিপক্ষে খেলেছে মিয়ানমারও। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫ ও উত্তর কোরিয়ার বিপক্ষে হজম করে ৮ গোল। তাদেরও লক্ষ্য ছিল বাংলাদেশকে হারিয়ে সেরা তিন দলের একটি হয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া। তবে গোলশূন্য ড্র হওয়ায় তা আর হয়নি।
এক পয়েন্ট নিয়েই এশিয়ান গেমস শেষ করলো বাংলাদেশ ও মিয়ানমার নারী ফুটবল দল।
ডিবিএন/এইউ








