১ মিনিটে পড়ুন
জামালপুরে সাতটি উপজেলার উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে ১৬ কোটি ৫৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নত করার লক্ষ্যে সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করা হয়েছে জেলা পরিষদের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ৫৭১টি চেক। একই সঙ্গে জেলার সংসদ সদস্যদের সম্মাননা প্রদান এবং জেলার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়েছে।
১৭ অক্টোবর শনিবার দুপুরে জেলা পরিষদ হলরুমে এই চেক বিতরণ করা হয়। এর আগে জেলার সার্বিক উন্নয়ন নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, জামালপুরের উন্নয়নকে ত্বরান্বিত করতে সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। উন্নয়ন প্রকল্পের সুফল যেন প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে, সে জন্য স্বচ্ছতা, জবাবদিহি ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। জেলার যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে সম্মিলিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক বলেন, জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রমের মূল লক্ষ্য হলো তৃণমূলের মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করা। বরাদ্দের যথাযথ ব্যবহার ও সংশ্লিষ্ট সবার সহযোগিতার মাধ্যমে জেলার প্রতিটি উপজেলার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।




