১ মিনিটে পড়ুন
নওগাঁর মহাদেবপুরে অবৈধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় দুই দোকান মালিককে মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) দুপুর ২টার দিকে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে উপজেলার বকের মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। মহাদেবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম বিনতে আজিজ মোবাইল কোর্টে নেতৃত্ব দেন।
অভিযানকালে দুটি দোকান থেকে মোট ৩০ কেজি অবৈধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। একই সঙ্গে দোকান দুটির মালিকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। ভবিষ্যতে অবৈধ পলিথিন শপিং ব্যাগ ব্যবহার ও বিক্রি না করার বিষয়ে সংশ্লিষ্ট দোকানসহ বাজারের অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। অভিযানে মহাদেবপুর থানা পুলিশের একটি দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।
পরিবেশ দূষণ রোধ এবং অবৈধ পলিথিনের ব্যবহার বন্ধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন।






