১ মিনিটে পড়ুন
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএমের বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন্সের বোরহান উদ্দিন মিলনায়তনে জেলা পুলিশের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম। সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার পিপিএম।
অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা বিদায়ী পুলিশ সুপারের কর্মজীবনের নানা দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন। বক্তারা বলেন, মোঃ মেনহাজুল আলম একজন দক্ষ, মেধাবী ও মানবিক পুলিশ কর্মকর্তা। তিনি মুন্সীগঞ্জে দায়িত্ব পালনকালে পেশাদারিত্বের পাশাপাশি বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাঁর সততা, দায়িত্ববোধ ও মানবিক গুণাবলি জেলা পুলিশ এবং মুন্সীগঞ্জের মানুষের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
বিদায়ী বক্তব্যে পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম বলেন, ঐতিহ্যবাহী মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা তাঁর জন্য গৌরব ও সম্মানের বিষয়। দায়িত্ব গ্রহণের পর থেকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। এ সময় তিনি জেলার সর্বস্তরের জনগণ ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁদের কর্মজীবন ও পারিবারিক জীবনের শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) বিল্লাল হোসেন পিপিএম।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে পুলিশ লাইন্স মেসে বিদায়ী পুলিশ সুপারের পক্ষ থেকে প্রীতিভোজের আয়োজন করা হয়। এতে মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।








