১ মিনিটে পড়ুন
রাজধানীর রামপুরা ত্রিশ সেন্টার এলাকায় মক্কা ফ্যাশন লিমিটেড নামে একটি পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবিতে টানা ১৫ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। অভিযোগ উঠেছে, কারখানাটিতে নিষিদ্ধ শিশুশ্রম চলছে এবং শিশু শ্রমিকদেরও দীর্ঘদিন ধরে বেতন দেওয়া হচ্ছে না।
সরেজমিনে দেখা যায়, ১০ থেকে ১৪ বছর বয়সী প্রায় ১২-১৫ জন শিশুসহ নারী শ্রমিকরা কারখানার সামনে অবস্থান করছেন। শ্রমিকদের দাবি, তারা প্রায় এক বছর ধরে ওই কারখানায় কাজ করছেন, কিন্তু মালিকপক্ষ তাদের বেতন পরিশোধ করেনি। বেতনের জন্য বারবার বলেও কোনো সুরাহা না পেয়ে তারা গত ১৫ দিন ধরে ধর্মঘটে বাধ্য হয়েছেন।
বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুযায়ী, ১৪ বছরের কম বয়সী কোনো শিশুকে কোনো কারখানায় নিয়োগ দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ এবং বেআইনি। এছাড়া শ্রমিকদের বেতন আটকে রাখাও গুরুতর অপরাধ।
এ বিষয়ে অভিযোগ জানাতে আজ শ্রমিকদের পক্ষ থেকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (DIFE), ৫৩ পুরানা পল্টন, বায়তুল আবেদ ভবনে যোগাযোগ করা হয়েছে।
এলাকাবাসী ও সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন যাতে শিশুশ্রম বন্ধ হয় এবং শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা ফিরে পান।







