সিংড়ায় সন্ত্রাস, মাদক ও অনলাইন জুয়াসহ অপরাধ দমনে পুলিশ সুপারের মতবিনিময় সভা

১ মিনিটে পড়ুন

নাটোরের সিংড়া থানা এলাকায় সন্ত্রাস, মাদক, জুয়া ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণ ও দমনের লক্ষ্যে স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নাটোর জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

গত ৪ নভেম্বর ২০২৬ তারিখে সিংড়া থানাধীন সুকাশ ইউনিয়নের বোয়ালিয়া হাইস্কুল মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, সমাজে মাদক, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অনলাইন জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহসহ যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধ দমনে পুলিশ ও জনগণের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, আপনারা নির্ভয়ে অপরাধসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সিংড়াবাসীকে একটি নিরাপদ ও শান্তিময় পরিবেশ উপহার দিতে নাটোর জেলা পুলিশ বদ্ধপরিকর।

সভায় স্থানীয় নাগরিকদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও মতামত তুলে ধরার সুযোগ দেওয়া হয়। এ সময় নাটোর জেলা পুলিশের পক্ষ থেকে উত্থাপিত সমস্যাগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং জনগণের সহযোগিতায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (প্রবেশনার) মোঃ ওবায়দুর রহমান, সিংড়া থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, সিংড়া থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার :
শেয়ার করুন