নরসিংদীতে ২৪ ঘণ্টায় হামে নতুন ভর্তি ১০, ডেঙ্গুতে আক্রান্ত ৩২

১ মিনিটে পড়ুন

শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি:

নরসিংদীতে হাম ও ডেঙ্গুর সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় সন্দেহজনক হামে আক্রান্ত ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩২ জন। তবে এ সময়ে হাম ও ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ তথ্যে এ চিত্র উঠে এসেছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে নরসিংদীর বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হামে আক্রান্ত ৫১ জন রোগী ভর্তি রয়েছেন। এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২২৭ জন। তাঁদের মধ্যে ২ হাজার ১৭৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ১৩ জন। জেলায় এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৩২৫। সন্দেহজনক হামে এ পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। তবে নিশ্চিত হামে মৃত্যুর কোনো তথ্য নেই।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত ৩২ জনই সরকারি হাসপাতালে শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৪৩ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯৫ জন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, জেলায় এ পর্যন্ত মোট ২ হাজার ৬৭৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। এ পর্যন্ত ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

শেয়ার :
শেয়ার করুন