জেড এইচ সিকদার বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান মেলার সমাপ্তি, চ্যাম্পিয়ন দুই শিক্ষাপ্রতিষ্ঠান

১ মিনিটে পড়ুন

শরীয়তপুর প্রতিনিধি:

জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ মেলায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ৪০টি দল অংশ নেয়।

প্রতিযোগিতা শেষে স্কুল পর্যায়ে শহীদ বুদ্ধিজীবী ডা. হুমায়ুন কবির উচ্চ বিদ্যালয় এবং কলেজ পর্যায়ে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর আব্দুল খালেক, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আখতারুল ইসলাম ও প্রক্টর ইমামনুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক সনেট কুমার সাহা।

প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাভাবনা বিকাশে বিজ্ঞান মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন ভবিষ্যৎ বিজ্ঞানী ও উদ্ভাবক তৈরিতে সহায়ক হবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও প্রতিযোগীরা উপস্থিত ছিলেন।

শেয়ার :
শেয়ার করুন