শিবপুরে তেল কম দেওয়ায় ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা

১ মিনিটে পড়ুন

শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি:

নরসিংদীর শিবপুরে অকটেন পরিমাপে প্রতি ১০ লিটারে ৩০০ মিলিলিটার কম দেওয়ার অপরাধে পাঠান ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), নরসিংদীর যৌথ উদ্যোগে উপজেলার বান্দারদিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পাঠান ফিলিং স্টেশনের অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৩০০ মিলিলিটার তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। পরে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শিবপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান। এ সময় বিএসটিআইয়ের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিদর্শক (মেট্রোলজি) মো. মাসুদ রানা। উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার (সিএম) সারোয়ার হোসাইন।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই, নরসিংদী।

শেয়ার :
শেয়ার করুন