১ মিনিটে পড়ুন
শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষ্যে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ, নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নির্দেশনা অনুযায়ী এ বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বিআরটিসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২০ অক্টোবর মঙ্গলবার থেকে ২৪ অক্টোবর শনিবার পর্যন্ত এ বিশেষ বাস সার্ভিস পরিচালিত হবে। এ উপলক্ষ্যে ১৬ অক্টোবর শুক্রবার থেকে ঢাকা-সহ সারা দেশে বিআরটিসির ২২টি বাস ডিপো থেকে অগ্রিম টিকিট বিক্রি ও বাস রিজার্ভের ব্যবস্থা রাখা হয়েছে।
দুর্গাপূজায় ঘরমুখী মানুষের যাতায়াত সহজ করতে রাজধানী ঢাকা ও গাজীপুর থেকে দেশের বিভিন্ন গন্তব্যে বাস চলাচলের ব্যবস্থা করা হয়েছে। রংপুর, বগুড়া, গাইবান্ধা, দিনাজপুর, পাবনা, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, রাজশাহী, নওগাঁ, পঞ্চগড়, ভূরুঙ্গামারী, মাদারীপুর, গোপালগঞ্জ, কুষ্টিয়া, বরিশাল, খুলনা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, সিলেট, সুনামগঞ্জ ও চট্টগ্রামসহ বিভিন্ন গন্তব্যে অভ্যন্তরীণ ও আন্তজেলা রুটে এসব বাস চলাচল করবে।
এ বিশেষ সার্ভিসের জন্য বিআরটিসি মোট ২০০টি বাস প্রস্তুত রেখেছে। যাত্রীসাধারণের চাহিদা বিবেচনায় প্রয়োজনে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া যাত্রীসেবার মান নিশ্চিত করা এবং অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে মতিঝিল আন্তর্জাতিক বাস ডিপো, ফুলবাড়িয়া সিবিএস-২, সায়েদাবাদ বাস টার্মিনাল, গাজীপুর চৌরাস্তা, চন্দ্রা মোড় ও মহাখালী বাস টার্মিনালে ৬০টি বাস স্ট্যান্ডবাই রাখা হবে।
‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ সম্পর্কে বিস্তারিত তথ্য, টিকিট ও বাস রিজার্ভ-সংক্রান্ত প্রয়োজনে যাত্রীসাধারণকে বিআরটিসির প্রধান কার্যালয়ে অবস্থিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।







