১ মিনিটে পড়ুন
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে পাখি নিয়ন্ত্রণের কাজে ব্যবহৃত এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে মোঃ রুবেল মিয়া নামে বিমানবন্দরের এক ক্লিনার আহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা যায়, বিমানবন্দর কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী রানওয়ে এলাকায় পাখি নিয়ন্ত্রণের দায়িত্ব পালনের জন্য আনসার সদস্য ও শুটার মোঃ মোজাম্মেল হক এবং বিমানবন্দরের ক্লিনার মোঃ রুবেল মিয়া একটি গাড়িতে করে রানওয়ের দিকে যাচ্ছিলেন। দায়িত্ব পালনের প্রস্তুতি হিসেবে গাড়িতে থাকা অবস্থায় মোঃ মোজাম্মেল হক পাখি নিয়ন্ত্রণে ব্যবহৃত এয়ারগানে সীসার কার্তুজ লোড করেন।
পরে গাড়ি থেকে রানওয়েতে নামার সময় এয়ারগানটি লোড অবস্থায় গাড়ির দরজার সঙ্গে ধাক্কা লাগলে অনাকাঙ্ক্ষিতভাবে ফায়ার হয়। এতে এয়ারগান থেকে ছোড়া সীসার কার্তুজটি গাড়ির সিট ভেদ করে সামনের আসনে থাকা ক্লিনার মোঃ রুবেল মিয়ার কোমরের বাম পাশে আঘাত করে।
ঘটনার পরপরই বিমানবন্দর কর্তৃপক্ষের উদ্যোগে আহত রুবেল মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেন। প্রাথমিকভাবে চিকিৎসকরা জানিয়েছেন, তার বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সিলেট জেলা কমান্ড্যান্ট ও সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করেন।
এয়ারগানটি বিমানবন্দর কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী রানওয়েতে পাখি নিয়ন্ত্রণ ও তাড়ানোর কাজে ব্যবহৃত হয়ে আসছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট আনসার সদস্যকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। পাশাপাশি বিধি অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনায় দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা ও পেশাদারিত্ব বজায় রাখাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দায়িত্ব পালনের সময় নিরাপত্তাবিধি ও সতর্কতামূলক ব্যবস্থা যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করা হবে।






