১ মিনিটে পড়ুন
শরীয়তপুর প্রতিনিধি: শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা মানসিকতা তৈরি, উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং নতুন ব্যবসায়িক উদ্যোগে উৎসাহ দিতে জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘Business Idea Competition-2026’। আজ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।। বিশ্ববিদ্যালয়ের ZHSUST Business Club-এর উদ্যোগে এ প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের ২৮ টি দল অংশ নেয়। প্রাথমিক বাছাই শেষে ১০ টি দল চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করে।
চূড়ান্ত পর্বে প্রতিযোগীরা বিচারকদের সামনে তাদের ব্যবসায়িক ধারণা, পরিকল্পনা, সম্ভাব্য বাজার, বাস্তবায়নযোগ্যতা ও উদ্ভাবনী দিক তুলে ধরেন। মূল্যায়ন শেষে Carbo Sync প্রথম, Team Innovators দ্বিতীয় এবং Food Mind তৃতীয় স্থান অর্জন করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জসিম উদ্দিন। ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যবসা অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ শাহীদুর রহমান খাঁন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. আকতারুল ইসলাম, প্রক্টর ইমামুনুর রহমান এবং রেজিস্ট্রার খন্দকার তাহমিনা নিষাদ এলিন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. জসিম উদ্দিন বলেন, শিক্ষার্থীদের শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি করতে হবে। মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগিয়ে নতুন উদ্যোগ গ্রহণের মাধ্যমে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব।
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় শুধু চাকরিপ্রার্থী তৈরি করবে—এমন ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা নিজেরাই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যবসা অনুষদের প্রভাষক ও ZHSUST Business Club-এর মডারেটর সাজিদ হোসেন রুকু। সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক ও ক্লাবের মডারেটর তানভীর আহমেদ।
প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা বিচারকের দায়িত্ব পালন করেন। প্রতিযোগীরা তাদের ব্যবসায়িক পরিকল্পনার পাশাপাশি উদ্যোগের সম্ভাব্যতা, বাজার চাহিদা ও ভবিষ্যৎ সম্প্রসারণের পরিকল্পনাও উপস্থাপন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক ড. মো. মাহাফুজুর রহমান, ছাত্রকল্যাণ উপদেষ্টা ও সহযোগী অধ্যাপক সনেট কুমার সাহা, মকফর উদ্দিন সিকদার হলের প্রভোস্ট ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. আমিমুল এহসান, ডেপুটি রেজিস্ট্রার ও সহকারী অধ্যাপক মো. সাইফুজ জামান,
ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স বিভাগের কো অর্ডিনেটর সহকারী অধ্যাপক মোঃ জহিরুল ইসলাম, মনোয়ারা সিকদার হলের প্রভোস্ট ও আইন বিভাগের প্রভাষক শাকিলা সুলতানা স্মৃতি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ও কো-অর্ডিনেটর রাজু সাহাজি, ব্যবসা অনুষদের প্রভাষক আব্দুর রহিম ও মো. মনিরুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বিজনেস ক্লাবের সদস্যরা।
পরে বিজয়ী তিন দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ব্যবসায়িক চিন্তা, নেতৃত্বের দক্ষতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।




