১ মিনিটে পড়ুন
পারস্পরিক সহযোগিতা জোরদার, প্রযুক্তিগত সহায়তা বৃদ্ধি এবং বিভিন্ন যৌথ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
রোববার (৯ নভেম্বর) নৌ সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে নৌপরিবহন অধিদপ্তরের পক্ষে মহাপরিচালক কমডোর মো. শফিউল বারী (এনডি), ওএসপি, এনডিসি, পিএসসি, বিএন এবং বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে ডাইরেক্টর, নেভাল অপারেশন স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর সহকারী প্রধান (অপারেশন) রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেকসহ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া নৌপরিবহন অধিদপ্তরের পক্ষে চিফ নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন মো. গিয়াসউদ্দীন আহমেদ, চিফ ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার মির্জা সাইফুর রহমান এবং ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার অ্যান্ড এক্সামিনার মোহাম্মদ ওবায়েদ উল্লাহ ইবনে বশির অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে উভয় প্রতিষ্ঠানের মধ্যে প্রযুক্তিগত সহায়তা, দক্ষতা উন্নয়ন এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে বিভিন্ন যৌথ উদ্যোগ বাস্তবায়নের পথ আরও সুগম হবে।
তারা আরও বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা এবং নীল অর্থনীতির (ব্লু ইকোনমি) বিকাশে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও গবেষণার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
সংশ্লিষ্টরা মনে করেন, এই সমঝোতা স্মারক দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও সুদৃঢ় করার পাশাপাশি দেশের সামুদ্রিক নিরাপত্তা ও নীল অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।








