বিগত সরকারের আমলে কৃষি খাতে শত শত কোটি টাকার দুর্নীতি হয়েছে: শাহাদত হোসেন বিপ্লব

১ মিনিটে পড়ুন

বিশেষ প্রতিনিধি:

বিগত সরকারের আমলে কৃষি খাতে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেছেন এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) সদস্যসচিব ও জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার কৃষকদের জন্য বরাদ্দ করা কম্বাইন হারভেস্টার বিতরণ না করে শত শত কোটি টাকা লুটপাট করেছে। বীজের প্যাকেটে ভালো বীজের লেবেল লাগিয়ে নিম্নমানের বীজ সরবরাহের মাধ্যমে হাজার হাজার কোটি টাকার ক্ষতি করা হয়েছে কৃষকদের। এতে কৃষকরা কাঙ্ক্ষিত ফসল উৎপাদন করতে পারেননি।

রোববার (৮ নভেম্বর) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার শুকুন্দী উচ্চ বিদ্যালয় মাঠে বোরো ধানের বীজ ও সরিষার বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহাদত হোসেন বিপ্লব আরও অভিযোগ করেন, তৎকালীন সরকারের নরসিংদীর একজন নেতা ৫০০ কোটি টাকার সার খোলাবাজারে বিক্রি করে দিয়েছেন। সার কেলেঙ্কারিসহ বিভিন্ন দুর্নীতির মাধ্যমে দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। এসব কারণে জনগণ বিগত সরকারকে ক্ষমতাচ্যুত করে কৃষকবান্ধব বিএনপিকে বিপুল ভোটে নির্বাচিত করেছে।

বর্তমান সরকারের সময়ে সার পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দেশে বর্তমানে সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। তবে বিগত সরকারের আমলে নিয়োগ পাওয়া ডিলার ও সাব-ডিলারদের একটি অংশ বরাদ্দ করা সার খোলাবাজারে বিক্রি করে দিচ্ছে। তারা সারের মজুদ নিয়ে লুকোচুরি করছে এবং সাধারণ কৃষকদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। বর্তমান সরকার নতুন ডিলার নিয়োগের কার্যক্রম শুরু করেছে। আশা করা হচ্ছে, দ্রুত সময়ের মধ্যে এ সমস্যার সমাধান হবে এবং দেশে সারের কোনো সংকট থাকবে না।

তিনি বলেন, ভালো ফসল উৎপাদনের জন্য ভালো মানের বীজের বিকল্প নেই। গত বছর কৃষকদের মধ্যে উন্নতমানের বীজ বিতরণের ফলে ফসলের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এ উদ্যোগের মাধ্যমে কৃষকদের কাছ থেকেও ব্যাপক সাড়া পাওয়া গেছে। এরই ধারাবাহিকতায় এবার মনোহরদী উপজেলার চার হাজার কৃষকের মধ্যে বীজ বিতরণ করা হয়েছে। কৃষকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ভবিষ্যতেও কৃষকদের সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখা হবে।

শুকুন্দী নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এ বি এম মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা কৃষকদলের আহ্বায়ক শফিকুল ইসলাম আপেল, সদস্যসচিব দীপক কুমার বর্মণ প্রিন্স, মনোহরদী উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সুরুজ মিয়া, পৌরসভা কৃষকদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং মনোহরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোজাম্মেল হোসেনসহ স্থানীয় নেতারা।

শেয়ার :
শেয়ার করুন