১ মিনিটে পড়ুন
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি:
তৃণমূল পর্যায় থেকে শিশু-কিশোরদের ক্রীড়াপ্রতিভা অন্বেষণ ও বিকাশের লক্ষ্যে নরসিংদীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-২)’ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সারা দেশে একযোগে এ প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতীয় উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নরসিংদী থেকে যুক্ত হন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া এবং পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুক।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে ‘ক্রীড়া হলে পেশা, পরিবারে পাবে ভরসা’ প্রতিপাদ্যে এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। উপজেলা প্রশাসন, নরসিংদী সদরের ব্যবস্থাপনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং শিশু-কিশোর ক্রীড়াবিদরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নেন।
এ আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায়ের সম্ভাবনাময় শিশু-কিশোরদের ক্রীড়াপ্রতিভা বিকাশ এবং ভবিষ্যতের ক্রীড়াবিদ তৈরির সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।



