১ মিনিটে পড়ুন
সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনা নদীতে অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। জব্দ করা জালের মধ্যে রয়েছে এক লাখ পাঁচ হাজার মিটার কারেন্ট জাল ও ১৯টি চায়না দুয়ারি জাল।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত বেলকুচি উপজেলার যমুনা নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান অভিযান ও জাল জব্দের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা, অবৈধভাবে মাছ শিকার বন্ধ করা এবং দেশের মৎস্যসম্পদ রক্ষায় যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়।
অভিযানে জব্দ করা অবৈধ জালগুলো পরে স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মৎস্য বিভাগ জানায়, ইলিশের নির্বিঘ্ন প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে অবৈধ জাল ব্যবহার এবং মাছ আহরণ প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত এ অভিযান চলবে। অভিযানকালে বেলকুচি উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন কুমার রায়সহ সিরাজগঞ্জ সদর উপজেলার মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।







