১ মিনিটে পড়ুন
রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় গরু চুরির সঙ্গে জড়িত চক্রের অন্যতম হোতা হিসেবে পরিচিত মো. উজ্জ্বলকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্য মতে জানা যায়, গত বৃহস্পতিবার ১৫ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ীহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার উজ্জ্বল নওগাঁর মান্দা উপজেলার শালদহ গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে রাজশাহী, নওগাঁ ও নাটোরের বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। এ ছাড়াও গত ১৮ সেপ্টেম্বর গোদাগাড়ীর নারায়ণপুর গ্রামে এক কৃষকের বাড়ি থেকে তিনটি গরু চুরির ঘটনায় দায়ের করা মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গোদাগাড়ী মডেল থানার অন্তর্গত প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম জানান, উজ্জ্বলের একটি পিকআপ ভ্যান রয়েছে।
অভিযোগ রয়েছে, গভীর রাতে ওই পিকআপে করে তিনি চোর চক্রের সদস্যদের বিভিন্ন স্থানে নিয়ে যেতেন।
তিনি জানান, গত ১৮ সেপ্টেম্বর রাতে গোদাগাড়ীর নারায়ণপুর গ্রাম থেকে তিনটি গরু চুরির ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ একটি পিকআপ ভ্যানের ভিডিও ফুটেজ পায়। পরে অনুসন্ধানের মাধ্যমে উজ্জ্বলকে শনাক্ত করা হয়।
বৃহস্পতিবার রাতে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে পিকআপ নিয়ে যাওয়ার সময় চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়েছে।
তথ্য সুত্রে পুলিশ জানায়, শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬ ইং তারিখে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তথ্য সুত্রে জানা যায়, এর আগে একই ঘটনায় জসিম উদ্দিন নামে এক কসাইকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে। তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, নারায়ণপুর গ্রাম থেকে চুরি হওয়া তিনটি গরু জসিমের কাছে বিক্রি করা হয়েছিল। তিনি নওগাঁর নিয়ামতপুর উপজেলার ধরমপুর গ্রামের বাসিন্দা।
তথ্য মতে পুলিশ জানান আন্তজেলা গরু চুরি চক্রের কার্যক্রম ও সংশ্লিষ্টদের বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছেন।







