মফস্বল সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার, নবীনগরে বাসাসের উপজেলা শাখার আত্মপ্রকাশ

১ মিনিটে পড়ুন

মফস্বল সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস)-এর উপজেলা শাখার আত্মপ্রকাশ হয়েছে। একই সঙ্গে সংগঠনটির ১১ সদস্যের নতুন উপজেলা কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় নবীনগর সৈনিক কমিউনিটি সেন্টারে বাসাসের নবীনগর উপজেলা শাখার আত্মপ্রকাশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

বাসাস নবীনগর উপজেলা শাখার সভাপতি ও দৈনিক সমকালের প্রতিনিধি মাহাবুব আলম লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার মনিরুজ্জামান চৌধুরী মনির। বিশেষ অতিথি ছিলেন বাসাসের স্থায়ী কমিটির সদস্য ও দৈনিক মানবজমিনের বিশেষ প্রতিনিধি নাছির উদ্দিন বাদল এবং আবু নাছের মঞ্জু।

সভায় জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আশরাফুল ইসলাম, মতিন ভূঁইয়া ফাউন্ডেশনের পরিচালক হাফেজ মাওলানা সানাউল্লাহ, নবীনগর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট বিনয় কুমার চক্রবর্তী, মুরাদনগর সাংবাদিক সমিতির সভাপতি এম এ মুরাদ, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম শিবলীসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।

১১ সদস্যের কমিটি বাসাসের নবীনগর উপজেলা শাখার নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন দৈনিক সমকালের প্রতিনিধি মাহাবুব আলম লিটন এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপু।

কমিটির অন্যরা হলেন—সহ-সভাপতি শাহীন রেজা টিটু (দৈনিক সমাচার), সহ-সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার (দৈনিক সময়ের কাগজ), সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক (দৈনিক ভোরের সময়), দপ্তর সম্পাদক আতাউর রহমান কাজল (এশিয়ান টিভি), কোষাধ্যক্ষ জুয়েল রানা (দৈনিক লাখো কণ্ঠ/সংবাদ) এবং সমাজসেবা সম্পাদক মোঃ আক্তারুজ্জামান (দৈনিক আগামীর সময়)।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোঃ বাবুল (গ্রীণ টেলিভিশন), খলিলুর রহমান (দৈনিক ভোরের ব্রাহ্মণবাড়িয়া) ও মোঃ নিজাম উদ্দিন (দৈনিক বাংলা নবকণ্ঠ)।

অনুমোদনপত্রে বলা হয়েছে, সংগঠনের গঠনতন্ত্র ও লক্ষ্য অনুযায়ী সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা এবং সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখতে কাজ করবে নবগঠিত কমিটি।

সভায় বক্তারা বলেন, মফস্বল পর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের নানা ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। সংবাদ সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক সমস্যায় পড়লে তাঁর পাশে দাঁড়ানো সাংবাদিকদের সম্মিলিত দায়িত্ব।

তাঁরা বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্যের যথার্থতা, বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের পরিবর্তে সত্য ও জনগণের কথা তুলে ধরাই সাংবাদিকতার মূল দায়িত্ব। একই সঙ্গে পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা আরও বাড়াতে হবে।

বক্তারা মফস্বল সাংবাদিকদের জন্য নিরাপদ ও পেশাবান্ধব কর্মপরিবেশ তৈরিতে সাংবাদিক সংগঠনগুলোর কার্যকর ভূমিকার ওপর গুরুত্ব দেন। নবীনগরের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে স্থানীয় সাংবাদিকতাকে আরও সুসংগঠিত করার প্রত্যয়ও ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে নবীনগর নিউ মডেল প্রেস ক্লাব, মডেল প্রেস ক্লাব, উপজেলা প্রেসক্লাব, নবীনগর পূর্বাঞ্চল প্রেস ক্লাব, নবীনগর পশ্চিমাঞ্চল প্রেস ক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিক কাজল, সুমন আহমেদ, আশরাফুল, পাপ্পু, লিটন মিয়া, আরিফুল ইসলাম, মেহেদী, মতিনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার :
শেয়ার করুন
সর্বশেষ