নতুন পে-স্কেল ঘোষণা: সরকারকে নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের অভিনন্দন

1 মিনিটে পড়ুন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন পে-স্কেল ঘোষণা করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছে নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ।

এক বিবৃতিতে পরিষদের নেতৃবৃন্দ বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনযাত্রার মান, আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা বিবেচনায় নতুন পে-স্কেল ঘোষণা একটি গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় উদ্যোগ। এ ঘোষণায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

তারা বলেন, নতুন পে-স্কেল দ্রুত ও যথাযথভাবে বাস্তবায়ন করা হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে। পাশাপাশি তারা আরও উদ্দীপনা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জনগণের সেবা এবং দেশের উন্নয়নে কাজ করতে পারবেন।

বিবৃতিতে নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মো. মোফাচ্ছেল হোসেন, সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদকসহ পরিষদের সকল কর্মকর্তা ও সদস্যদের পক্ষ থেকে সরকার ও প্রধানমন্ত্রীর প্রতি শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়।

শেয়ার করুন