1 মিনিটে পড়ুন
নরসিংদীর মনোহরদীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের হলরুমে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া, মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর বাদশা, মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ, সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন ও ইসমাইল হোসাইন খান, সহসভাপতি তাজুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক সুজন বর্মণ, সাংগঠনিক সম্পাদক বাকি বিল্লাহ, আসাদুজ্জামান নূর, কামরুল ইসলাম, মাহবুবুর রহমান সোহেল, মোবারক হোসেন, আবদুস কুদ্দুছসহ উপজেলায় কর্মরত সাংবাদিকরা।
সভায় মনোহরদী প্রেস ক্লাবের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে মনোহরদীর উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, সড়ক সংস্কারসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন সাংবাদিকরা।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করা হবে। একই সঙ্গে সাংবাদিকদের পরামর্শ নিয়ে কাজ করতে চান তিনি।
তিনি বলেন, উপজেলা পরিষদ এলাকার সৌন্দর্যবর্ধন, বিভিন্ন সড়কে বৃক্ষরোপণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং সড়ক সংস্কারসহ উপজেলার বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে। এসব কাজে সাংবাদিকদের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ প্রত্যাশা করেন তিনি।
ইউএনও আরও বলেন, প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে সমন্বয় থাকলে জনগণের সমস্যা দ্রুত চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া সম্ভব। তাই মনোহরদীর উন্নয়নে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি।
-শান্ত





