১ মিনিটে পড়ুন
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে রোড শো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় জেলা প্রশাসন, গাইবান্ধা এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দিনের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব এবং মোটরযান পরিদর্শক মো. কামাল হোসেন কাজল। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. খাদিজা বেগম।
আলোচনা সভায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা, চালক ও পথচারীদের সচেতনতা বৃদ্ধি এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, অসতর্কতা, বেপরোয়া গাড়ি চালানো এবং ট্রাফিক আইন অমান্য করার কারণে সড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। তাই চালক, যাত্রী ও পথচারী—সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; প্রয়োজন জনসচেতনতা, আইনের প্রতি শ্রদ্ধা এবং সবার সম্মিলিত উদ্যোগ। ট্রাফিক আইন যথাযথভাবে অনুসরণ, নির্ধারিত গতিসীমা মেনে চলা এবং পথচারীদের সতর্ক চলাচল সড়ক দুর্ঘটনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আয়োজকেরা নিরাপদ সড়ক গড়ে তুলতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তাঁদের প্রত্যাশা, সচেতনতা বৃদ্ধি ও আইন মেনে চলার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমবে এবং মানুষের যাতায়াত আরও নিরাপদ হবে।









