অসহায় মালা আক্তারের পাশে নরসিংদীর মানবিক ডিসি ইসরাত জাহান কেয়া

1 মিনিটে পড়ুন

স্বামীহারা মালা আক্তার। নরসিংদীর শিবপুর উপজেলার কারারচর এলাকার এ নারী তার একমাত্র প্রতিবন্ধী সন্তানকে নিয়ে চা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। চা বিক্রিই ছিল মা ও সন্তানের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। কিন্তু সম্প্রতি চা তৈরির প্রধান উপকরণ কেটলিটি নষ্ট হয়ে যাওয়ায় তার জীবিকা বন্ধ হওয়ার উপক্রম হয়।

এমন অসহায় অবস্থায় নতুন একটি কেটলি কেনার জন্য নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়ার কাছে আর্থিক সহায়তার আবেদন জানান তিনি। মালা আক্তারের আবেদনটি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে জেলা প্রশাসক নতুন কেটলি কেনার জন্য তাকে নগদ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। একই সঙ্গে তার একমাত্র প্রতিবন্ধী সন্তানের জন্য এক ব্যাগ শুকনো খাবারেরও ব্যবস্থা করা হয়।

জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার এই মানবিক সহায়তায় মালা আক্তারের বন্ধ হওয়ার উপক্রম হওয়া চা বিক্রির জীবিকা আবারও সচল হওয়ার সুযোগ তৈরি হয়েছে। একজন অসহায় নারীর জীবন-জীবিকার অবলম্বন টিকিয়ে রাখতে প্রশাসনের এ উদ্যোগকে মানবিক ও জনবান্ধব প্রশাসনের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সরকারি সহায়তা শুধু আর্থিক অনুদানের মধ্যে সীমাবদ্ধ না রেখে অসহায় মানুষের বাস্তব প্রয়োজন বিবেচনায় নিয়ে তাদের স্বাবলম্বী হওয়ার পথ সুগম করাই জনসেবার অন্যতম লক্ষ্য—মালা আক্তারের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ যেন তারই প্রতিফলন।

শেয়ার করুন