1 মিনিটে পড়ুন
সমাজের অসচ্ছল, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া। তিনি বলেন, সরকারি সহায়তা যেন প্রকৃত অসহায় ও অসচ্ছল মানুষের কাছে পৌঁছে যায়, সে বিষয়ে জেলা প্রশাসন গুরুত্ব দিয়ে কাজ করছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টায় নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২০২৫-২৬ অর্থবছরের বিশেষ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার মোট ১২০ জন অসচ্ছল ও প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে তাদের প্রয়োজন ও সমস্যার ধরন অনুযায়ী ২ হাজার থেকে ৫ হাজার টাকা করে বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া উপকারভোগীদের হাতে এসব অনুদানের চেক তুলে দেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতি সপ্তাহের বুধবার অসচ্ছল ও আর্থিকভাবে সমস্যাগ্রস্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের সমস্যা ও প্রয়োজনের কথা জানান। এ সময় তাদের নাম, ঠিকানা ও প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করে রাখা হয়। পরবর্তীতে এসব তথ্য যাচাই-বাছাই করে প্রকৃত অসচ্ছল ও আর্থিক সহায়তার প্রয়োজন রয়েছে—এমন ব্যক্তিদের তালিকা প্রস্তুত করা হয়। সেই তালিকার ভিত্তিতেই ২০২৫-২৬ অর্থবছরের বিশেষ অনুদানের আওতায় বৃহস্পতিবার ১২০ জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়।
জেলা প্রশাসক বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে যেসব অসচ্ছল মানুষ তাদের সমস্যা নিয়ে আসেন, তাদের তথ্য সংরক্ষণ করে প্রয়োজন অনুযায়ী সহায়তার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়। সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনযাত্রার সংকট কিছুটা লাঘব করতে সরকারি সহায়তার পাশাপাশি প্রশাসনের মানবিক কার্যক্রমও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. শামসুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম. সাজ্জাদ হোসেন, এনডিসি এফএম. নাঈম হাসান শুভ ও জেলা নাজির মো. আব্দুর রউফসহ জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।





