1 মিনিটে পড়ুন
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরীক্ষায় বাংলাদেশ মান (বিডিএস-১৩৮২) অনুযায়ী নির্ধারিত গ্রহণযোগ্য মাত্রার বহু গুণ বেশি ক্ষতিকর মার্কারি শনাক্ত হওয়ায় ৮টি ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিম বিক্রয়, বিতরণ, মজুদ ও ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (৪ আগস্ট) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসটিআই জানায়, এসব প্রসাধনী দীর্ঘদিন ব্যবহার করলে ত্বক, কিডনি ও স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতির পাশাপাশি গর্ভের শিশুর স্বাভাবিক বিকাশও ব্যাহত হতে পারে।
বিএসটিআই জানায়, দেশে অবৈধভাবে লাগেজ ও চোরাই পথে বিভিন্ন বিদেশি স্কিন ক্রিম প্রবেশ করছে এবং বাজারে বিক্রি হচ্ছে। এসব পণ্যের মান যাচাইয়ের সুযোগ না থাকায় বাজার থেকে নমুনা সংগ্রহ করে বিএসটিআই পরীক্ষাগারে পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৮টি ব্র্যান্ডের স্কিন ক্রিমে বাংলাদেশ মান অনুযায়ী সর্বোচ্চ গ্রহণযোগ্য ১.০০ পিপিএমের তুলনায় বহু গুণ বেশি মার্কারি পাওয়া যায়।
পরীক্ষার ফলাফলে পাকিস্তানের এস.জে এন্টারপ্রাইজের চাঁদনি হোয়াইটেনিং ক্রিমে ১২০.৩৯ পিপিএম, কিউসিআই কোম্পানির নিউ ফেস বিউটি ক্রিমে ৪৪.৭২ পিপিএম, লোয়া ইন্টারন্যাশনালের নাভিয়া বিউটি ক্রিমে ৫৯.৮২ পিপিএম ও নাভিয়া হোয়াইটেনিং ক্রিমে ৭৯.৭০ পিপিএম, নুর এন্টারপ্রাইজের নুর হোয়াইটেনিং ক্রিমে ৮২.৭৬ পিপিএম, ক্রিয়েটিভ কসমেটিকসের ডিউ বিউটি ক্রিমে ১২৩.৩৭ পিপিএম, গৌরি কসমেটিকস প্রাইভেট লিমিটেডের গৌরি বিউটি ক্রিমে ৫৬.৯৩ পিপিএম এবং চীনের জিএলডিজেবি (হারবিন) কসমেটিকস কো. লি.-এর ন্যাচারাল পার্ল স্কিন ক্রিমে ৬৭.৪৯ পিপিএম মার্কারি শনাক্ত হয়েছে।
বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে কোনো ধরনের আপসের সুযোগ নেই। ভোক্তার জীবন ও স্বাস্থ্য সুরক্ষাই বিএসটিআইয়ের সর্বোচ্চ অগ্রাধিকার। ক্ষতিকর উপাদানযুক্ত প্রসাধনী উৎপাদন, আমদানি বা বাজারজাতকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাজারকে নিরাপদ রাখতে নিয়মিত নমুনা সংগ্রহ, পরীক্ষাগারে পরীক্ষা, বাজার তদারকি, মোবাইল কোর্ট ও সার্ভিল্যান্স কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
তিনি ভোক্তাদের অজ্ঞাত বা অনুমোদনবিহীন ত্বক ফর্সাকারী ক্রিম ক্রয় ও ব্যবহার থেকে বিরত থাকার পাশাপাশি প্রসাধনী কেনার আগে বিএসটিআইয়ের অনুমোদন ও পণ্যের বৈধতা যাচাই করার আহ্বান জানান। একই সঙ্গে সন্দেহজনক কোনো পণ্যের তথ্য থাকলে তা বিএসটিআইকে জানানোর অনুরোধও করেন।
বিএসটিআই সতর্ক করে জানিয়েছে, দীর্ঘদিন মার্কারিযুক্ত স্কিন ক্রিম ব্যবহার করলে ত্বকের স্বাভাবিক সুরক্ষা নষ্ট হওয়া, ত্বক পাতলা হয়ে যাওয়া, স্থায়ী দাগ, অ্যালার্জি, কিডনির ক্ষতি, স্নায়ুতন্ত্রের জটিলতা এবং গর্ভবতী নারীর ক্ষেত্রে অনাগত শিশুর স্বাভাবিক বিকাশ ব্যাহত হওয়ার মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।





