আলীকদমের মালিপ্রু পাড়া ত্রিরত্ন বৌদ্ধ বিহারে উদযাপিত হলো চতুর্থ কঠিন চীবর দানোৎসব

১ মিনিটে পড়ুন

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের আলীকদম উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে চতুর্থবারের মতো শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) উপজেলার পানবাজার মালিপ্রু পাড়া ত্রিরত্ন বৌদ্ধ বিহারে দিনব্যাপী নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই দানোৎসব সম্পন্ন হয়।
মনোরম ও শান্ত পরিবেশে আয়োজিত এই উৎসবকে কেন্দ্র করে স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। অনুষ্ঠানে আলীকদমে বসবাসরত শত শত বৌদ্ধ উপাসক-উপাসিকা ও পুণ্যার্থী অংশ নেন। ভারত মোহন পাড়া, মহুল্লু কারবারি পাড়া ও প্রভাত কারবারি পাড়ার বৌদ্ধ ধর্মাবলম্বীদের যৌথ উদ্যোগে এই মহাধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঙ্ঘরাজ ভিক্ষু উইচারা মহাথেরো। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমতুলী ত্রিরত্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ইন্দ্র জ্যোতি ভিক্ষু এবং তাকে সহযোগিতা করেন মালিপ্রু ত্রিরত্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ আর্য জ্যোতি ভিক্ষু।

দিনব্যাপী এই আয়োজনের প্রথম পর্বে (সকাল ৭:৩০টা থেকে বেলা ১১:০০টা) বুদ্ধপূজা, সংঘদান ও ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়। এ পর্বে প্রধান ধর্মালোচক হিসেবে বিশেষ ধর্মবাণী পাঠ করেন রাঙ্গুনিয়ার চন্দ্র গোনা জুমপাড়া ত্রিরত্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জ্যোতি লংকা ভিক্ষু।

মধ্যাহ্নভোজের বিরতি শেষে দুপুর ১:৩০টা থেকে বিকেল ৪:০০টা পর্যন্ত দ্বিতীয় পর্বের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় পুণ্যার্থীদের উদ্দেশে পবিত্র ত্রিপিটক থেকে ধর্মবাণী পাঠ করেন রোয়াংছড়ির তাইম্রাছড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ চাইন্দ্র শ্রী ভিক্ষু।

বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী, তিন মাসের বর্ষাবাস ব্রত সমাপ্তির পর প্রবারণা পূর্ণিমা থেকে এক মাসের মধ্যে সুনির্দিষ্ট নিয়মে এই চীবর (পোশাক) দান করা হয়। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এটি অন্যতম শ্রেষ্ঠ দান বা ‘দানোত্তম’ হিসেবে বিবেচিত। এই দানের মাধ্যমে মানবজাতির কল্যাণ ও আত্মশুদ্ধি লাভ ঘটে বলে পুণ্যার্থীরা বিশ্বাস করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি তথা বিশ্ববাসীর সুখ, শান্তি, সম্প্রীতি ও মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা ও পুণ্যদান করা হয়।

শেয়ার :
শেয়ার করুন