1 মিনিটে পড়ুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঝাউচর গ্রামের কৃতী সন্তান জান্নাতুল ফেরদৌস লিজা সাফল্য ও কৃতিত্বের সাথে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন। কুমিল্লা মেডিক্যাল কলেজের ৩০তম ব্যাচের এই শিক্ষার্থী ২০২৬ সালে কৃতিত্বের সাথে তাঁর চিকিৎসাবিজ্ঞানের পাঠ সমাপ্ত করেন।লিজা সোনারগাঁয়ের মেঘনা নিউটাউন সংলগ্ন ঝাউচর এলাকার এক সম্ভ্রান্ত ও শিক্ষিত পরিবারের জ্যেষ্ঠ কন্যা। তাঁর বাবা মো. লুৎফর রহমান বহুজাতিক প্রতিষ্ঠান ‘লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি’-র মান নিয়ন্ত্রণ (কোয়ালিটি কন্ট্রোল) বিভাগের ব্যবস্থাপক হিসেবে কর্মরত এবং মা জোসনা রহমান একজন গৃহিণী।
ছোটবেলা থেকেই মেধার স্বাক্ষর রাখা জান্নাতুল ফেরদৌস লিজা মেরিট ইন্টারন্যাশনাল স্কুল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী (পঞ্চম শ্রেণি), এসআর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ঢাকার বিখ্যাত শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রতিটি ধাপেই তিনি তাঁর অসাধারণ মেধার পরিচয় দিয়েছেন। পরবর্তীতে ২০২০-২১ শিক্ষাবর্ষে কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে তিনি ঐতিহ্যবাহী কুমিল্লা মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পান।
লিজাদের পরিবার শিক্ষা ও মেধার ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তাঁর ছোট বোন সাবিকুননাহার ফারহানাও অত্যন্ত মেধাবী। ফারহানা ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের শীর্ষ চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা মেডিক্যাল কলেজে (কে-৮৩ ব্যাচ) ভর্তির সুযোগ পেয়ে বর্তমানে প্রথম বর্ষে চিকিৎসাবিজ্ঞানে অধ্যয়ন করছেন। একই পরিবার থেকে দুই বোনের দেশের শীর্ষস্থানীয় দুটি সরকারি মেডিক্যাল কলেজে পড়ার এই সাফল্য স্থানীয় এলাকাবাসীকে গর্বিত করেছে।নিজের অনুভূতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জান্নাতুল ফেরদৌস লিজা জানান, তিনি ভবিষ্যতে একজন দক্ষ ও মানবিক চিকিৎসক হিসেবে গড়ে উঠতে চান। সুবিধাবঞ্চিত, অসহায় ও প্রান্তিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করাই তাঁর প্রধান লক্ষ্য। পেশাগত জীবনে যেন সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধের সাথে রোগীর সেবা করতে পারেন, সে জন্য তিনি আত্মীয়-স্বজনসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।





