সেমস-গ্লোবালের আয়োজনে শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশনস ২০২৬’

1 মিনিটে পড়ুন

গার্মেন্টস ও টেক্সটাইল শিল্প সংশ্লিষ্ট মেশিনারিজ, ইয়ার্ন, ফেব্রিকস, অ্যাকসেসরিজ, ডাইস্টাফ, কেমিক্যালস ও নিত্য-নতুন প্রযুক্তি প্রদর্শনে কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস – সেমস গ্লোবাল ইউএসএ এর আয়োজনে ২৫ বছরের ধারাবাহিকতায় ২-৫ সেপ্টেম্বর, বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (বাণিজ্যমেলা প্রাঙ্গণ), পূর্বাচল, ঢাকায়, চার দিনব্যাপী শুরু হলো আন্তর্জাতিক প্রদর্শনী ‘টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশনস’ সংশ্লিষ্ট ‘২৫তম টেকটেক বাংলাদেশ ২০২৬ ইন্টারন্যাশনাল এক্সপো’, ‘২৬তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফ্যাব্রিক শো ২০২৬ – সামার এডিশন’ এবং ‘৫৩তম ডাই + কেম বাংলাদেশ ২০২৬ ইন্টারন্যাশনাল এক্সপো’।

২ সেপ্টেম্বর, প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেমস-গ্লোবাল, ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বস্ত্র অধিদপ্তরের সচিব ও মহাপরিচালক ড. মো. আবদুস সবুর। বিশেষ অতিথি হিসেবে সরকারি কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুলতানা ইয়াসমীন এবং বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. জাকির হোসেন। শিল্প খাতের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক, বিজিএমইএ এর ভারপ্রাপ্ত সেক্রেটারি মেজর মো. সাইফুল ইসলাম, পিএসসি, সিএসসিএম (অব.) এবং বিকেএমইএ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অমল পোদ্দার, সিআইপি।

প্রদর্শনী তিনটিতে টেক্সটাইল ও অ্যাপারেল মেশিনারিজ, ইয়ার্ন, ফেব্রিক, ট্রিমস, অ্যাকসেসরিজ, ডাইস্টাফ, কেমিক্যালস এবং আধুনিক প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে। আয়োজকরা জানান, ৩৭টি দেশের প্রায় ১,৪৭৫টি কোম্পানি এবং ২,২৪৫টির বেশি বুথ ও প্যাভিলিয়ন অংশ নিয়েছে। ব্যবসায়িক দর্শনার্থীর সংখ্যা ১৬ হাজার ছাড়াবে বলে আশা করা হচ্ছে।

​প্রদর্শনীর পাশাপাশি পাঁচটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে। এবারের প্রদর্শনীতে বিশেষ সংযোজন হিসেবে আছে ‘ডিজিটাল ট্রান্সফরমেশন জোন’, যেখানে ইআরপি, অটোমেশন, ক্লাউড সিস্টেম, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), আইওটি ও ডিজিটাল মেশিনারিজসহ আধুনিক প্রযুক্তি ও সমাধান প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ব্যবসায়িক দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

শেয়ার করুন