১ মিনিটে পড়ুন
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুর-১০ এলাকার সেনপাড়া পর্বতা এলাকায় রাজউকের অনুমোদিত নকশা ও ভবন নির্মাণসংক্রান্ত বিধিমালা লঙ্ঘন করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্মাণকাজ বন্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করা হয়েছে।
আবেদনটি করেছে ‘বাজম-ই-সুফিয়া সাবেরিয়া ইফতেখারিয়া হাশমতিয়া’ দরগাহ কর্তৃপক্ষ। আবেদনে উল্লেখ করা হয়, নির্মাণাধীন ভবনের কাজ চলাকালে ভবন থেকে রড পড়ে দরবারের মোয়াজ্জেম আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় থানায় একটি অভিযোগনামাও দাখিল করা হয়েছে বলে আবেদনে জানানো হয়।
আবেদনকারীদের অভিযোগ, ভবন নির্মাণকাজের সময় নিরাপত্তাব্যবস্থা যথাযথভাবে নিশ্চিত করা হচ্ছে না। এতে দরবারের লোকজনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। নির্মাণাধীন ভবন থেকে রড বা অন্যান্য নির্মাণসামগ্রী পড়ে কোনো ধরনের প্রাণহানি কিংবা বড় ধরনের দুর্ঘটনা ঘটলে তার দায়ভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দায়ী ব্যক্তিদের বহন করতে হবে বলেও আবেদনে উল্লেখ করা হয়।
এ অবস্থায় নির্মাণকাজের বৈধতা ও নিরাপত্তাব্যবস্থা যাচাই করে প্রয়োজনীয় তদন্তের মাধ্যমে ভবন নির্মাণে অনিয়ম পাওয়া গেলে কাজ বন্ধসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজউক চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেছেন আবেদনকারীরা।
এ বিষয়ে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেন, “ভবন নির্মাণে অনুমোদিত নকশা ও প্রচলিত বিধিমালা অনুসরণ করা বাধ্যতামূলক। নির্মাণকাজে অনিয়ম কিংবা জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতির অভিযোগ পাওয়া গেলে তা যাচাই করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে বিষয়টি পরীক্ষা করে দেখা হবে।”






