1 মিনিটে পড়ুন
রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের গোলামবাজার বেগুনবাড়ি রোড এলাকায় অপরিকল্পিতভাবে স্থাপিত বৈদ্যুতিক পোল ও ট্রান্সফরমার স্থানীয় বাসিন্দাদের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আবাসিক এলাকার ঘিঞ্জি পরিবেশে পরপর তিনটি বহুতল ভবন ঘেঁষে অন্তত চার-পাঁচটি বৈদ্যুতিক খাম্বা (পল্লী বিদ্যুতের পোল) ও ট্রান্সফরমার বসানো হয়েছে। এর ফলে ভবনগুলোর ফ্ল্যাটের জানালা ঘেঁষে বিপজ্জনকভাবে ঝুলছে উচ্চ ভোল্টেজের তার ও সরঞ্জাম।
স্থানীয়রা জানান, এই ত্রুটিপূর্ণ ব্যবস্থার কারণে প্রায়ই আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। আজ দুপুর ১২টা ২৫ মিনিটেও ট্রান্সফরমারটিতে হঠাৎ আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা ও স্ফুলিংগ সরাসরি বহুতল ভবনগুলোর ফ্ল্যাটের জানালার সামনে ছড়িয়ে পড়ে, যার ফলে ফ্ল্যাটের বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এলাকাবাসীর অভিযোগ, ট্রান্সফরমার ও বৈদ্যুতিক তারে অগ্নিকাণ্ড ও শর্টসার্কিটের ঘটনা এখন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। ফ্ল্যাটের খুব কাছাকাছি এই বিপজ্জনক বিদ্যুৎ সংযোগ থাকায় প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে বসবাস করতে হচ্ছে তাদের। একাধিকবার সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ অফিসকে জানানো হলেও তারা এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেন স্থানীয়রা।
ভুক্তভোগীদের মতে, জরুরি ভিত্তিতে এই বিপজ্জনক খাম্বাগুলো সরিয়ে না নিলে বা প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করলে যেকোনো মুহূর্তে পুরো এলাকায় বড় ধরনের প্রাণহানি ও ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এলাকার সাধারণ মানুষ ও ভবনগুলোর বাসিন্দারা অবিলম্বে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও কার্যকর নজরদারি কামনা করেছেন।





