1 মিনিটে পড়ুন
নওগাঁর মহাদেবপুরে একটি বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাতে উপজেলার চাঁন্দাস ইউনিয়নের চাকলা গ্রামে গফুর নামে এক ব্যক্তির বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, একদল ডাকাত বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের ভয়ভীতি ও মারধর করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ সময় গফুর আহত হন। বর্তমানে তিনি মহাদেবপুর সদর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ডাকাতরা বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে লুটপাট চালায়। পরে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে তারা পালিয়ে যায়। ঘটনার পর চাকলা গ্রামসহ আশপাশের এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত, লুট হওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তবে কী পরিমাণ স্বর্ণালংকার ও নগদ টাকা লুট হয়েছে এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।





