1 মিনিটে পড়ুন
নাটোর জেলা আদালতে কর্মরত সরকারি কৌঁসুলিদের সঙ্গে নাটোর জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) নাটোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নাটোর জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
সভায় আদালতে বিচারাধীন মামলার জট কমানো, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বিচারপ্রার্থী সাধারণ মানুষের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা, তদন্ত কার্যক্রমকে আরও কার্যকর করা এবং পুলিশ ও আইন কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভায় সরকারি কৌঁসুলিগণ বিচার কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও জনবান্ধব করতে তাঁদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বিচার ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে জনগণের প্রত্যাশিত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মোঃ রুহুল আমিন তালুকদার (টগর), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, নাটোরের পিপি অ্যাডভোকেট মোঃ আব্দুল কাদের মিয়া এবং জজ কোর্ট, নাটোরের জিপি অ্যাডভোকেট মোঃ আবুল কালাম আজাদ চৌধুরীসহ নাটোর জেলার অতিরিক্ত ও সহকারী পিপিগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন নাটোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার নাটোর সার্কেল উদয় কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার বড়াইগ্রাম সার্কেল শোভন চন্দ্র হোর, সহকারী পুলিশ সুপার সিংড়া সার্কেল নূর মোহাম্মদ আলী, সহকারী পুলিশ সুপার (প্রবেশনার), নাটোর জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, কোর্ট ইন্সপেক্টরসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।
সভায় পুলিশ ও আইন কর্মকর্তাদের মধ্যে আরও কার্যকর সমন্বয়ের মাধ্যমে তদন্ত ও বিচার কার্যক্রমের গতি বাড়িয়ে দ্রুততম সময়ে বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।





