রাজশাহী রেঞ্জ ডিআইজির বগুড়া জেলা সফর ও বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

1 মিনিটে পড়ুন

রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আশিক সাঈদ বগুড়া জেলা পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেছেন। এ সময় বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ডিআইজি মোঃ আশিক সাঈদ বগুড়ায় পৌঁছালে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম। একই সময়ে ডিআইজি’র সহধর্মিণী ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জের সম্মানিত উপদেষ্টা মিসেস শামীম আরা হককেও পুনাক, বগুড়া এবং ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, বগুড়ার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদকে গার্ড অব অনার প্রদান করে। এদিকে, গত ২২ আগস্ট ২০২৬, শনিবার বগুড়া জেলায় কর্মরত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের নিয়ে একটি বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ। এতে সভাপতিত্ব করেন বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম।

বিশেষ কল্যাণ সভায় ডিআইজি বগুড়া জেলা পুলিশের সদস্যদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা, অসুবিধা ও কল্যাণসংক্রান্ত বিষয় মনোযোগ দিয়ে শোনেন। পুলিশ সদস্যদের উত্থাপিত বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের বিষয়ে তিনি প্রয়োজনীয় আশ্বাস প্রদান করেন। পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সভায় ডিআইজি মোঃ আশিক সাঈদ পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি সেবাপ্রত্যাশী জনগণের প্রতি আন্তরিক, মানবিক ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের কাঙ্ক্ষিত পুলিশি সেবা দ্রুত ও যথাযথভাবে নিশ্চিত করতে হলে সততা, দক্ষতা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করতে হবে। জনগণের আস্থা অর্জনে পুলিশ সদস্যদের আরও আন্তরিক ও মানবিক হওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। এ সময় বগুড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন