1 মিনিটে পড়ুন
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭ আসরে জাতীয় পর্যায়ে সাফল্য অর্জনকারী সিরাজগঞ্জের খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে দ্বিতীয় আসরের নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করতে ক্রীড়া শিক্ষক ও সংগঠকদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করা এবং তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ করা সরকারের গুরুত্বপূর্ণ উদ্যোগগুলোর একটি হলো নতুন কুঁড়ি স্পোর্টস। জাতীয় পর্যায়ে সাফল্য অর্জনকারী খেলোয়াড়দের আরও দক্ষ করে গড়ে তুলতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি। একই সঙ্গে দ্বিতীয় আসরের সার্বিক প্রস্তুতি জোরদার ও নিবন্ধন কার্যক্রম গতিশীল করার নির্দেশ দেন।
অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে সাফল্য অর্জনকারী ও পদকপ্রাপ্ত নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড়দের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. নূরে এলাহী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম ফ্রুট, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসান, ক্রীড়া সংগঠক, সাবেক খেলোয়াড়, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা।





