1 মিনিটে পড়ুন
১৬ আগস্ট ২০২৬ ইং তারিখ রোজ রবিবার বেলা সাড়ে ১১টায় “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, রাজশাহীর আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির শুরুতে কালেক্টরেট পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বেলুন উড়িয়ে একটি বর্ণাঢ্য সড়ক র্যালির উদ্বোধন করা হয়। র্যালি শেষে অনুষ্ঠিত হয় উদ্বোধনী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী মো: মিজানুর রহমান মিনু এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক, মো: মাহফুজুর রহমান রিটন,রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির,রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান সহ অন্যান্ন কর্মকর্তা ও নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বক্তব্যে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, বাংলাদেশের অর্থনীতি, পুষ্টি ও জনস্বাস্থ্যে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মাছ ও শুঁটকি রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি মৎস্যজাত বিভিন্ন পণ্য উৎপাদনেরও ব্যাপক সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ বর্তমানে সাধু পানির মাছ উৎপাদনে বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে। তবে জলাশয় ভরাট, অপরিকল্পিত নগরায়ন ও অনিরাপদ মাছ চাষের কারণে পরিবেশ ও জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছে।
তিনি আরও বলেন, অধিক মুনাফার পরিবর্তে জলজ জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে নিরাপদ ও মানসম্মত মাছ উৎপাদনের ওপর গুরুত্ব দিতে হবে। টেকসই মৎস্য উৎপাদনের মাধ্যমে দেশের অর্থনীতি শক্তিশালী করার পাশাপাশি জনগণের পুষ্টি ও সুস্বাস্থ্য নিশ্চিত করা সম্ভব।





