1 মিনিটে পড়ুন
কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নে অসহায়, দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মানবিক সহায়তার অংশ হিসেবে এসব পরিবারের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেওয়া হয়।
মঙ্গলবার (১১ আগস্ট) ইউনিয়নের বিভিন্ন অসহায় পরিবারের সদস্যদের হাতে ঢেউটিন ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।
হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রেজা এ মানবিক উদ্যোগ বাস্তবায়ন করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রেজা বলেন, “আমি জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান। জনগণের ভালোবাসা ও আস্থার প্রতিদান হিসেবে তাদের সেবা করাই আমার দায়িত্ব। বিশেষ করে গরিব, অসহায় ও মেহনতি মানুষের পাশে দাঁড়ানো আমার অন্যতম লক্ষ্য। মানুষের যেকোনো দুর্দিনে পাশে থাকার চেষ্টা করি এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখতে চাই।”
তিনি বলেন, অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন। সম্মিলিতভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে দরিদ্র ও অসহায় পরিবারগুলো কিছুটা হলেও স্বস্তি পাবে।
স্থানীয়রা জানান, অসহায় পরিবারগুলোর জন্য ঢেউটিন ও নগদ অর্থের এ সহায়তা অত্যন্ত প্রয়োজনীয়। তারা চেয়ারম্যানের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।





