1 মিনিটে পড়ুন
বনলতা এক্সপ্রেসে কর্মরত সিনিয়র টিটিই মোঃ কামরুজ্জামানের ওপর হামলা এবং গত ০৭ আগস্ট রাজশাহী রেলওয়ে স্টেশনে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
১০ ই আগস্ট ২০২৬ ইং তারিখ রোজ সোমবার অনুষ্ঠিত এ মানববন্ধনে রেলওয়ের বিভিন্ন শ্রমিক-কর্মচারী সংগঠন ও অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মানববন্ধন থেকে বক্তারা রেল কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস.এম. সাইফুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগ (বিআরইএল)-এর কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আইয়ুব হোসেন খান এবং বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়ন, পাকশী বিভাগের সেক্রেটারি মোঃ ময়েন উদ্দিন আজাদ।
এছাড়াও গার্ড অ্যাসোসিয়েশন, টিটিই অ্যাসোসিয়েশন, অ্যাটেন্ডেন্ট অ্যাসোসিয়েশনসহ রেলওয়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মচারীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত যাত্রীসেবা ও রেল যোগাযোগ সচল রাখতে দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালনরত কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা শুধু কর্মচারীদের নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলছে না, বরং রেলওয়ের স্বাভাবিক কার্যক্রম ও যাত্রীসেবার ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে।
বক্তারা গত ০৪ জুলাই বনলতা এক্সপ্রেসে কর্মরত সিনিয়র টিটিই মোঃ কামরুজ্জামানের ওপর হামলা এবং গত ০৭ আগস্ট রাজশাহী রেলওয়ে স্টেশনে কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।
তারা বলেন, অনতিবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে রেলওয়ের কোনো কর্মকর্তা-কর্মচারী যেন দায়িত্ব পালনকালে হামলা, হেনস্তা বা হয়রানির শিকার না হন, সে জন্য কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে।
মানববন্ধন থেকে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, দায়িত্ব পালনে নিরাপত্তা প্রদান এবং হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।





