নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৪ লাখ ৫৫ হাজার টাকা

1 মিনিটে পড়ুন

নরসিংদী সদর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও অবৈধভাবে গ্যাস ব্যবহারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে ৭টি মামলায় মোট ৪ লাখ ৫৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে ব্যবহৃত ২০টি গ্যাসের চুলা জব্দ করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) দিনব্যাপী নরসিংদী শহরের পাটপট্টি, দত্তপাড়া, শাপলা ও বাসাইল এলাকার বিভিন্ন বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সমন্বয়ে অভিযান পরিচালনার পাশাপাশি সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে বিভিন্ন বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে অবৈধ গ্যাস সংযোগ শনাক্ত করে তা বিচ্ছিন্ন করা হয়। এ সময় অবৈধভাবে ব্যবহৃত ২০টি গ্যাসের চুলা জব্দ করা হয়।

অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ ও গ্যাস ব্যবহারের দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর প্রযোজ্য ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এতে ৭টি মামলায় মোট ৪ লাখ ৫৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।

অভিযানে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও জেলা পুলিশ, নরসিংদী সার্বিক সহযোগিতা করে।

জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে অবৈধ গ্যাস সংযোগ ও অবৈধভাবে গ্যাস ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন