1 মিনিটে পড়ুন
নরসিংদীতে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার ও সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১০টি মিটারের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় এক বাড়ির মালিক ও তিন ভাড়াটিয়াকে মোট ৫৪ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত পল্লী বিদ্যুৎ সমিতি-২, নরসিংদীর সহযোগিতায় জেলা প্রশাসন এ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করে।
অভিযানকালে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে এক বাড়ির মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই অপরাধে আরও তিন ভাড়াটিয়াকে মোট ৪ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়। অভিযানে সর্বমোট ৫৪ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
মামলাগুলোতে প্রসিকিউশন পরিচালনা করেন পল্লী বিদ্যুৎ সমিতি-২, নরসিংদীর এজিএম (অর্থ) গিয়াসউদ্দিন খান।
অভিযান পরিচালনায় র্যাব ও আনসার ব্যাটালিয়ন সদস্য সার্বিক সহযোগিতা প্রদান করে।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল মোবাইল কোর্ট পরিচালনা করেন।





