1 মিনিটে পড়ুন
গাজীপুরের কাশিমপুর এলাকায় বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে দুটি ব্যাটারি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কাশিমপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দক্ষিণ পানিশাইল, জিরানী এলাকার টাংরিউদ্যা ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে বিএসটিআই লাইসেন্স ছাড়া ব্যাটারি উৎপাদন, বিক্রি ও বিতরণ, মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া পণ্য মোড়কীকরণ এবং মোড়কে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে বাংলাদেশ টেস্টিং ইন্সটিটিউশন আইন-২০১৮ অনুযায়ী ৫০ হাজার টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মাধবপুর এলাকার টাইগার ব্যাটারী এন্ড কোং লিমিটেডকে বিএসটিআই লাইসেন্স ছাড়া ব্যাটারি উৎপাদন, বিক্রি ও বিতরণের অপরাধে বাংলাদেশ টেস্টিং ইন্সটিটিউশন আইন-২০১৮ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টটি গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালেহুর রহমানের নেতৃত্বে পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সিএম) মোহাম্মদ পারভেজ মিয়া এবং পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী চিন্ময় মন্ডল শিশির।
বিএসটিআই, গাজীপুর জানিয়েছে, জনস্বার্থে মানহীন ও অননুমোদিত পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





