1 মিনিটে পড়ুন
দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সাহস, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১টায় রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, রাজধানী ঢাকা দেশের প্রশাসনিক ও কূটনৈতিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র। এখানে দেশি-বিদেশি কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বসবাস। ফলে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখা জাতীয় স্বার্থেই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি মাঠপর্যায়ে পুলিশের কার্যক্রম আরও গতিশীল করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি তদারকি ও নিয়মিত মনিটরিং বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তাঁর মতে, কর্মকর্তাদের কার্যকর নজরদারি ও সঠিক দিকনির্দেশনা পেলে অধস্তন পর্যায়ের পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে উৎসাহ ও কর্মদক্ষতা দুটোই বাড়ে।
পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে আইজিপি বলেন, কোনো অন্যায় বা চাপের কাছে নতি স্বীকার না করে দেশের স্বার্থ ও সাধারণ মানুষের শান্তি-নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করতে হবে। তবে কেউ ইচ্ছাকৃতভাবে দায়িত্বে অবহেলা করলে কিংবা ব্যক্তিগত স্বার্থে পুলিশের পদ ও ক্ষমতার অপব্যবহারের চেষ্টা করলে তার দায় কোনোভাবেই পুলিশ বাহিনী বহন করবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সভায় পুলিশের রাজনৈতিক নিরপেক্ষতা ও পেশাদারিত্বের বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন আইজিপি। তিনি বলেন, দল-মত বা রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে পুলিশের একমাত্র পরিচয়—আইন ও জনগণের সেবক। জনগণের আস্থা অর্জন করতে হলে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, প্রচলিত অপরাধের পাশাপাশি বর্তমানে সাইবার অপরাধ, গুজব, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং বিভ্রান্তিকর তথ্য পুলিশের জন্য নতুন ও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
আইজিপি বলেন, পুলিশকে অকার্যকর করার অপচেষ্টা এবং উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় পুলিশ সদস্যদের আরও দক্ষ ও সচেতন হওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
আইনশৃঙ্খলা সংক্রান্ত এ বিশেষ মতবিনিময় সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা, অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএমসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






