1 মিনিটে পড়ুন
নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি মামলায় ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) নরসিংদী সদর উপজেলার চিনিশপুর এবং মাধবদী থানার পাইকারচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়ার নির্দেশক্রমে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর আওতায় তিনটি মামলা করা হয়। এতে মোট ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল।
জেলা প্রশাসন জানিয়েছে, সরকারি সম্পদের অপব্যবহার ও অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে রাজস্ব ক্ষতি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





