শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১ মিনিটে পড়ুন

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর ২০২৬) বেলা ১১টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।

সভায় পুলিশ কমিশনার বলেন, রাজশাহী মহানগরী ও আশপাশের এলাকায় এবার মোট ১০৯টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় ৮৫টি এবং এর বাইরে ২৪টি মণ্ডপ রয়েছে। সার্বিক গুরুত্ব বিবেচনায় ৭০টি মণ্ডপকে গুরুত্বপূর্ণ এবং এর মধ্যে ১৪টি মণ্ডপকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি জানান, পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

থানা পুলিশ, নগর টিম এবং সার্বক্ষণিক কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা মনিটরিং করা হবে। এছাড়া প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং বিদ্যুৎ বিভ্রাটের সময় জরুরি আলোর ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে নির্ধারিত ঘাটগুলোতেও প্রয়োজনীয় নিরাপত্তা ও ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। পুলিশ কমিশনার আরও বলেন, পূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল এবং ধর্মীয় সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করা হয়েছে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ পর্যাপ্ত জনবল মোতায়েনসহ প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। রাজশাহীতে পূজা উদযাপনে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই উল্লেখ করে পুলিশ কমিশনার সবাইকে আশ্বস্ত করেন। তিনি বলেন, সবার সম্মিলিত সহযোগিতায় রাজশাহীতে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হবে। সভায় আরএমপির বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা, রাজশাহী জেলার পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও বক্তব্য প্রদান করেন।

শেয়ার :
শেয়ার করুন