১ মিনিটে পড়ুন
গাজীপুরের জয়দেবপুর বাসস্ট্যান্ড এলাকায় কাচ্চি ডাইন রেস্টুরেন্টে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। রেস্টুরেন্টটির রান্নাঘর অপরিষ্কার ও অস্বাস্থ্যকর অবস্থায় পরিচালনা, ইঁদুর ও তেলাপোকার উপস্থিতি, মেয়াদ টেম্পারিং করা কনডেন্সড মিল্ক সংরক্ষণ ও ব্যবহার এবং রেফ্রিজারেটরে লেবেল ছাড়া মাংস সংরক্ষণের অভিযোগে এ জরিমানা করা হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক জনাব বি.এম. রুহুল আমিন রিমনের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে রেস্টুরেন্টটির রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অবস্থায় পাওয়া যায়। সেখানে ইঁদুর ও তেলাপোকার উপস্থিতি পরিলক্ষিত হয়। এছাড়া মেয়াদ টেম্পারিং করা কনডেন্সড মিল্ক সংরক্ষণ ও ব্যবহার এবং রেফ্রিজারেটরে কোনো ধরনের লেবেল ছাড়াই মাংস সংরক্ষণ করতে দেখা যায়।
এ সময় রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ফায়ার লাইসেন্স ও রেস্তোরাঁ নিবন্ধন সনদ প্রদর্শনে ব্যর্থ হয়। পরে অভিযুক্তরা নিজেদের দোষ স্বীকার করলে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডের অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনাকালে নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, মনিটরিং অফিসার মোহাম্মদ ইমরান হোসেন মোল্লা, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মোজাম্মেল হোসেনসহ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ ও ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি দল উপস্থিত ছিলেন।









