1 মিনিটে পড়ুন
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী “সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক প্রশিক্ষণ”।
১০ থেকে ১২ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত এ প্রশিক্ষণে সাংবাদিকতার আধুনিক ধারা, মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি, তথ্যের সত্যতা যাচাই বা ফ্যাক্টচেকিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, AI-এর দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
গত ১২’সেপ্টেম্বর শনিবার বিকাল ৫:০০ ঘটিকায় প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি।
তিনি বলেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তের মধ্যে একটি তথ্য হাজারো মানুষের কাছে পৌঁছে যায়। কিন্তু সেই তথ্য সত্য কি না, তার উৎস কতটা নির্ভরযোগ্য কিংবা কোনো ছবি ও ভিডিও বিভ্রান্তিকরভাবে ব্যবহার করা হয়েছে কি না, এসব যাচাই করার সুযোগ অনেক সময় পাঠক পান না।
একজন দক্ষ সাংবাদিক শুধু সংবাদ পরিবেশন করেন না, তিনি সমাজকে বিভ্রান্তি থেকে রক্ষা করেন, সত্য ও মিথ্যার পার্থক্য তুলে ধরেন এবং মানুষের কাছে নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দেন।
অন্যদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তা সাংবাদিকতার জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। সংবাদ গবেষণা, তথ্য বিশ্লেষণ, মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি এবং কাজের গতি বাড়াতে AI গুরুত্বপূর্ণ সহায়ক হতে পারে। তবে প্রযুক্তির ব্যবহার হতে হবে সতর্ক, নৈতিক ও তথ্যের সত্যতা যাচাইয়ের মাধ্যমে।
হোসেনপুরে আয়োজিত এই প্রশিক্ষণ তাই শুধু কয়েক দিনের একটি প্রশিক্ষণ কর্মসূচি নয়, এটি স্থানীয় সাংবাদিকতাকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও দায়িত্বশীল করে তোলার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
সাংবাদিকদের পেশাগত কল্যাণ ও বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরো বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নির্ধারিত বাজেট বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ-সংক্রান্ত প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পাশাপাশি সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে প্রেস কাউন্সিলের মাধ্যমে ‘হলুদ সাংবাদিকতা’ ও অপসাংবাদিকতা রোধে পেশাগত মানদণ্ড বজায় রাখার কাজ চলছে।
অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, হোসেনপুর উপজেলা বিএনপি নেতাকর্মী,জেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার পরিষদ হল রুমে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও হোসেনপুর প্রেসক্লাবের উদ্যোগে ওই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রোকসানা খাতুন।
সভাপ্রধান ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) সহযোগী সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীন। উপস্থিত ছিলেন হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের হোসেনপুর উপজেলা প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান চন্দন, দৈনিক যায়যায় দিনের হোসেনপুর প্রতিনিধি মোঃ আবু বকর ছিদ্দিক বাক্কার, দৈনিক বাংলার নবকন্ঠের প্রতিনিধি আ.ফ.ম.জহিরুল ইসলাম, দৈনিক মানব জমিনের প্রতিনিধি মিজবাহ উদ্দিন মানিক, দৈনিক সংগ্রামের হোসেনপুর সংবাদদাতা মোঃ শামছুল হক, দৈনিক দিনকালের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আবু সালেহ বাবুল, দৈনিক দিনকালের পাকুন্দিয়া প্রতিনিধি আসাদুজ্জামান খন্দকার, দৈনিক প্রতিদিনের হোসেনপুর প্রতিনিধি মোঃ রাজিব আহম্মদ পিয়াস,দৈনিক সকাল বেলার কিশোরগঞ্জ প্রতিনিধি পলাশ আহমেদ, দৈনিক সমাচারের হোসেনপুর প্রতিনিধি মোঃ আফজালুর রহমান উজ্জল, পাকুন্দিয়া বার্তার প্রতিনিধি মোঃ আরিফুর ইসলাম, অনলাইন এক্টিভিষ্ট রিমন মিয়া, আরমান,দেলোয়ারের হোসেন রাজিব, সালমান রহমান, সাইফুল্লা মাহমুদ, আশরাফ উদ্দিন, বাংলা ভিউজ ডট কমের জেলা প্রতিনিধি তুষার আহম্মেদ প্রমুখ।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় তিন উপজেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন।




