১ মিনিটে পড়ুন
নওগাঁর পত্নীতলায় পৃথক অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) সকালে এবং এর আগের দিন মঙ্গলবার রাতে উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার সকালে পত্নীতলা থানার কৃষ্ণপুর ইউনিয়নের মহিমাপুর পাগলিডাঙ্গা মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পাকা সড়কের পাশে বটগাছের নিচ থেকে তন্ময় মন্ডল (২৪) নামে এক যুবককে আটক করা হয়। তিনি উপজেলার গোপীনগর গ্রামের বিদ্যুৎ মন্ডলের ছেলে। পরে তার হেফাজত থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
অন্যদিকে, মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার দেবর ইউনিয়নের বনগ্রাম চকরঘু এলাকায় অভিযান চালিয়ে মো. সজিব বাবু (২৪) নামে আরেক যুবককে আটক করে পুলিশ। তিনি একই এলাকার মো. আনিছুর রহমানের ছেলে। এ সময় তার বসতবাড়ির প্রধান ফটকের সামনে তাকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তার পরিহিত লুঙ্গির ডান কোমরে গোঁজা ৯ পাতায় থাকা মোট ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা মাদকদ্রব্যের ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।









