১ মিনিটে পড়ুন
নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ২০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) রাত ৯টা ৫৫ মিনিটের দিকে লালপুর থানাধীন ধুপইল (নওদাপাড়া) গ্রামের একটি বসতবাড়ির উত্তর পাশে ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—ধুপইল (নওদাপাড়া) গ্রামের মৃত এলাহি বক্সের ছেলে মোঃ হাবিবুর রহমান হাবন (৪৭) এবং একই এলাকার মোঃ আলম হোসেনের ছেলে মোঃ ইমন আলী (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, নাটোর জেলার পুলিশ সুপার শরিফুল হকের সার্বিক দিকনির্দেশনা, অতিরিক্ত পুলিশ সুপারদের তত্ত্বাবধান এবং লালপুর থানার অফিসার ইনচার্জের সহযোগিতায় অভিযানটি পরিচালনা করা হয়। লালপুর থানার এসআই (নিরস্ত্র) মোল্লা সোহেল মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযানে অংশ নেয়।
অভিযানে গ্রেফতার দুইজনের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় লালপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের রেকর্ড অনুযায়ী, গ্রেফতারকৃত মোঃ হাবিবুর রহমান হাবনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। এর মধ্যে ২০২২ সালের দুটি মাদক মামলা এবং ২০১৩, ২০১২ ও ২০১১ সালের বিভিন্ন ধারার মামলার তথ্য রয়েছে। এছাড়া ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার তথ্যও পুলিশ রেকর্ডে পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।









