1 মিনিটে পড়ুন
নরসিংদীর মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন নবাগত মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহমুদুল হাসান।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিদ্যালয় পরিদর্শনকালে ইউএনও বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে শিক্ষার্থীদের উপস্থিতি, শিক্ষকদের পাঠদান পদ্ধতি এবং সার্বিক শিক্ষা পরিবেশ পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে অধিকাংশ শ্রেণিকক্ষে টিফিনের পর শিক্ষার্থীদের উপস্থিতি আশঙ্কাজনকভাবে কম দেখতে পাওয়া যায়। বিষয়টি উদ্বেগজনক উল্লেখ করে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে প্রধান শিক্ষককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন উপজেলা নির্বাহী অফিসার।
এ সময় উপস্থিত শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে আসা, সঙ্গে পাঠ্যবই রাখা এবং বিজ্ঞানসহ বিভিন্ন বিষয় পাঠদানের সময় শিক্ষকের নির্দেশনা অনুযায়ী খাতায় নিয়মিত অনুশীলন করার বিষয়ে পরামর্শ দেওয়া হয়।
বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে বিদ্যালয়ে সুশিক্ষার পরিবেশ বজায় রেখে শিক্ষার্থীদের পাঠদানে আরও মনোযোগী হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।





