বৈদেশিক মুদ্রা জমায় বিশেষ হিসাব খুলতে পারবেন মানি চেঞ্জাররা

১ মিনিটে পড়ুন

নগদ বৈদেশিক মুদ্রা সংরক্ষণ ও পরিবহনের ঝুঁকি কমাতে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারদের বিশেষ ব্যাংক হিসাব খোলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোতে বৈদেশিক মুদ্রা জমা ও সংরক্ষণের জন্য কাস্টডিয়াল হিসাব খুলতে পারবেন তারা।

বুধবার (৪ নভেম্বর) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সার্কুলার অনুযায়ী, কাস্টডিয়াল হিসাব শুধু বৈদেশিক মুদ্রার নোট জমা, উত্তোলন ও নিরাপদে সংরক্ষণের কাজে ব্যবহার করা যাবে। এসব হিসাবে জমা অর্থের বিপরীতে কোনো সুদ দেওয়া হবে না। নির্ধারিত সীমার বাইরে বৈদেশিক মুদ্রা জমা হলে সংশ্লিষ্ট মানি চেঞ্জারকে ব্যবসায়িক লেনদেনের পরিমাণ ও ধরন যথাযথভাবে নথিভুক্ত রাখতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নগদ বৈদেশিক মুদ্রা পরিবহনের ক্ষেত্রে মানি চেঞ্জারদের বৈধ ক্যাশ-ইন-ট্রানজিট (সিআইটি) বিমা থাকতে হবে। এ ছাড়া এডি ব্যাংকের নির্ধারিত সীমার বেশি অর্থ পরিবহনে লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান, সিআইটি সেবাদাতা সংস্থা অথবা নিরাপত্তা প্রহরীসহ নিরাপদ পরিবহনব্যবস্থা ব্যবহার করতে হবে।

দিনের শেষভাগে বৈদেশিক মুদ্রা জমা দেওয়ার সুবিধার্থে এৃডি ব্যাংকগুলোকে নিরাপদ কাউন্টার ও অস্থায়ী ভল্টের ব্যবস্থা রাখার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সার্কুলারে আরও বলা হয়েছে, মানি চেঞ্জাররা তাঁদের অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে চেক বা উত্তোলন স্লিপ ব্যবহার করে এসব হিসাব থেকে অর্থ তুলতে পারবেন। তবে কোনো অবস্থাতেই জমা স্থিতির বেশি অর্থ উত্তোলন করা যাবে না। এসব হিসাবে ওভারড্রাফট বা ঋণসুবিধাও দেওয়া যাবে না।

এ ছাড়া কাস্টডিয়াল হিসাবের মাধ্যমে অর্থ স্থানান্তর, রেমিট্যান্স পাঠানো কিংবা তৃতীয় পক্ষের অনুকূলে কোনো লেনদেন করা যাবে না। হিসাবের সব লেনদেন বৈদেশিক মুদ্রার নোটের মাধ্যমেই সম্পন্ন করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের ফলে মানি চেঞ্জাররা তাঁদের কাছে থাকা নগদ বৈদেশিক মুদ্রা ব্যাংকে নিরাপদে সংরক্ষণের সুযোগ পাবেন। এতে নগদ অর্থ বহন ও সংরক্ষণের ঝুঁকি কমার পাশাপাশি বৈদেশিক মুদ্রার লেনদেনে স্বচ্ছতা ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা পরিপালন আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

এজেএ

শেয়ার :
শেয়ার করুন