অমিতের অভিষেক কি সিলেট টেস্টেই?

১ মিনিটে পড়ুন

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জাতীয় দলে ডাক পেয়েছেন অমিত হাসান। মুমিনুল হক ছিটকে যাওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে জায়গা হয়েছে তার। তবে সিলেট টেস্টে এই তরুণ ব্যাটসম্যানের অভিষেক হওয়ার সম্ভাবনা খুব বেশি নয় বলে জানিয়েছেন প্রধান কোচ ফিল সিমন্স।

বাংলাদেশ কোচ বলেন, ‘দলে সবাই আছে। অমিত মাত্রই দলের সঙ্গে যোগ দিয়েছে। পরে যখন আমরা বসব, তখন দলের পরিস্থিতি দেখব। তবে সে আসার আগেই আমাদের একটি দল ছিল। সে একজনের পরিবর্তে এসেছে। তাই তার খেলার সম্ভাবনা খুব বেশি নয়।’

তবে অমিতের সামর্থ্য নিয়ে আশাবাদী সিমন্স। ঘরোয়া ক্রিকেটে ভালো করার পর জাতীয় দলে সুযোগ পেলে সেই পারফরম্যান্সের পুনরাবৃত্তি দেখতে চান তিনি, ‘তার পরবর্তী ধাপ হলো, যখনই জাতীয় দলে আবার সুযোগ পাবে, ঘরোয়া ক্রিকেটের মতো এখানেও ভালো করা। দুই পর্যায়ের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। তবে সে ঘরোয়া ক্রিকেটে ফিরে গিয়ে নিজের কাজ ঠিকভাবেই করছে। এখন জাতীয় দলে পরবর্তী সুযোগ পেলে তাকে প্রমাণ করতে হবে, এখানেও সে ভালো করতে পারে।’

সম্প্রতি জাতীয় ক্রিকেট লিগে অপরাজিত ২০১ রানের ইনিংস খেলেছেন অমিত। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতার কারণে নির্বাচকদের নজরে এসেছেন তিনি। এবার জাতীয় দলের হয়ে সুযোগ পেলে নিজেকে প্রমাণ করার অপেক্ষায় এই ব্যাটসম্যান।

জেএএ

শেয়ার :
শেয়ার করুন