১ মিনিটে পড়ুন
দেশে ডেঙ্গুর সংক্রমণ ও প্রাণহানি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪৫ জনে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৬ জন।
বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ছয়জনের মধ্যে চারজন ঢাকা বিভাগের এবং দুজন খুলনা বিভাগের বাসিন্দা।
এ সময়ে সবচেয়ে বেশি ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন করে ৮৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৫৬ জন, খুলনায় ২১৫ জন, বরিশালে ২০৬ জন, রাজশাহীতে ১৭১ জন, রংপুরে ৭১ জন, ময়মনসিংহে ৬৬ জন এবং সিলেট বিভাগে ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪৪৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে। দুই সিটি করপোরেশনসহ এ বিভাগে এ পর্যন্ত ২১২ জনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া খুলনা বিভাগে ৮২ জন, চট্টগ্রামে ৪৩ জন, ময়মনসিংহে ৩৭ জন, বরিশালে ৩০ জন, রাজশাহীতে ২৯ জন, রংপুরে আটজন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গুতে মারা গেছেন।
এজেএ






